কৃষকের উন্নয়নে নিরলস সাহানা পারভীন লাবনী, কৃষিসেবায় স্বচ্ছতার দৃষ্টান্ত
জি.আর রৌনক,রাজশাহী।
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থসামাজিক উন্নয়ন এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উপজেলা কৃষি অফিস। সরকারি কৃষি প্রণোদনা বিতরণ,উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, প্রদর্শনী স্থাপন ও মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদানের মাধ্যমে কৃষিকে আরও উৎপাদনমুখী ও লাভজনক করতে কাজ করছেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী।
৩৪তম বিসিএসের কর্মকর্তা সাহানা পারভীন লাবনীর নিজ জেলা সিরাজগঞ্জ।২০১৬ ইং সালে মোহনপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ২০ শে অক্টোবর ২০২৪ ইং সালে দুর্গাপুর উপজেলায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, কৃষিসেবা নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে কার্যক্রম তদারকিতে গুরুত্ব দিয়ে কাজ করছেন।
দুর্গাপুর উপজেলায় মোট কৃষিজমির পরিমাণ ১৩ হাজার ৪৯৬ হেক্টর।এই বিপুল কৃষিজমির সর্বোত্তম ব্যবহার, ফসলের নিবিড়তা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে কৃষি বিভাগ।২০২৬-২৭ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার ৬৭০ জন কৃষকের জন্য বিভিন্ন ফসলের বীজ ও সার সহায়তা বাবদ বরাদ্দ রয়েছে ৩১ লাখ ৯৬ হাজার ৫৫০ টাকা।
এর মধ্যে সরিষা চাষে ৫ হাজার ৫০০,খেসারিতে ২০,মসুরে ১০০,গমে ৫০ এবং ওড়হড়ে ৩০ জন কৃষক সহায়তা পাওয়ার কথা রয়েছে।এসব উপকরণ কৃষকের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি উন্নত জাতের ফসল চাষে উৎসাহিত করবে।
এদিকে বিভিন্ন কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলায় মোট ৮৯টি প্রদর্শনী চলমান রয়েছে। এর মধ্যে পার্টনার প্রকল্পে ৪টি, মসলা উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে ১৩টি, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পে ১১টি এবং রাজস্ব খাতে ৬১টি। এসব প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের আধুনিক চাষাবাদ,উন্নত জাতের ফসল,সুষম সার ব্যবস্থাপনা ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে।
স্থানীয় একাধিক প্রান্তিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায় কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা পাওয়ায় চাষাবাদে তাঁদের আগ্রহ ও সচেতনতা বেড়েছে। তাঁদের দাবি,প্রণোদনা ও কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি প্রকৃত ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সময়মতো বীজ ও সার সহায়তা পাওয়ায় উৎপাদন ব্যয় কমাতেও তাঁরা উপকৃত হচ্ছেন।
অন্যদিকে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ এবং সরকারি নির্ধারিত মূল্য বজায় রাখতে উপজেলা কৃষি অফিস তদারকি করছে। এতে সার সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় কৃষকদের ভোগান্তি কমেছে বলে তাঁরা জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন "কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সঠিক পদ্ধতি ও সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপুরের কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি খাত ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।"তবে কৃষি উন্নয়নের সুফল নিশ্চিত করতে প্রকৃত কৃষকের কাছে প্রণোদনা পৌঁছানো, সার ও বীজের ন্যায্যমূল্য বজায় রাখা, ডিলার পর্যায়ে নিয়মিত তদারকি এবং কৃষকদের অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।
স্বচ্ছতা, জবাবদিহি ও কৃষকবান্ধব সেবার ধারাবাহিকতা বজায় রেখে কৃষক, সার ডিলার ও কৃষি বিভাগের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে দুর্গাপুরের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
আপনার মতামত লিখুন