জৈন্তাপুরে ‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে জামায়াত নেতা সোহেলকে আটকের অভিযোগ
সিলেট জেলা প্রতিনিধি।
সিলেটের জৈন্তাপুরে সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয়ে গ্রেপ্তার কায়সার মাহমুদ সোহেলকে জামায়াতে ইসলামীর নেতা দাবি করেছে তাঁর পরিবার ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।তাঁকে ‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে গ্রেফতার করা হয়েছে- এমন অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।এ নিয়ে উপজেলা জুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।গত ১২ ই নভেম্বর ভোররাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনের ছেলে কায়সার মাহমুদ সোহেলকে (২৮) গ্রেফতার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৯ ই নভেম্বর হরিপুর এলাকায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারের পর বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁকে সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়। তবে পরিবারের দাবি,সোহেল দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।তিনি চিকনাগুল ইউনিয়ন জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় জামায়াত নেতা জাহির উদ্দিন তাঁর ফেসবুক পোস্টে সোহেলের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে দাবি করেন হরিপুরের ঘটনার সঙ্গে সোহেলের কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে সোহেলের ছাত্রলীগের পদ-পদবি নিয়েও প্রশ্ন তুলেছে তাঁর পরিবার। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ২০২৬ ইং সালের ১ লা অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত সিলেট মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকায় ২১ জন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম থাকলেও সেখানে কায়সার মাহমুদ সোহেলের নাম নেই।
সোহেলের মা অবসরপ্রাপ্ত জৈন্তাপুর উপজেলা আনসার মহিলা প্রশিক্ষিকা কমলা আক্তার রোজি অভিযোগ করে বলেন, তাঁর ছেলে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। অতীতে দেশের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হিসেবে সরকারি ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে অংশ নেওয়ার সুবাদে বিভিন্ন সরকারি-বেসরকারি অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাঁর ছেলেও অংশ নিয়েছিল। ওই সময়ের কিছু ছবি ও ভূয়া ছাত্রলীগের কমিটির প্যাড ব্যবহার করে পূর্ববিরোধের জেরে তাঁকে ফাঁসানো হয়েছে।
চিকনাগুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন সোহেল দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।তাঁকে ভুল তথ্য দিয়ে আটক করা হয়েছে বলে তাঁরা মনে করেন। ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে এবং তাঁর পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও অভিযোগের ভিত্তিতেই সোহেলকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।পুলিশ যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে সোহেলের রাজনৈতিক পরিচয়,ছাত্রলীগের সাংগঠনিক পদ-পদবি এবং হরিপুরের ঘটনায় তাঁর সম্পৃক্ততা নিয়ে ওঠা প্রশ্নের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও তাঁর পরিবারের সদস্যরা।
আপনার মতামত লিখুন