রাজশাহীতে ডিস্ট্রিবিউটরের ১৩ লক্ষ টাকা নিয়ে উধাও দুই ভাই
মশিউর রহমান,রাজশাহী।
রাজশাহী নগরীতে বিকাশের একটি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের প্রায় ১৩ লাখ টাকা নিয়ে আপন দুই ভাই আত্মগোপন করেছেন বলে অভিযোগ উঠেছে।অভিযুক্তরা হলেন মোঃ লিমন আলী ও অপূর্ব।তারা নগরীর শিরোইল মঠপুকুর এলাকায় অবস্থিত 'এস এস ডিস্ট্রিবিউটিং সেলস অ্যান্ড মার্কেটিং' প্রতিষ্ঠানে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো গত রোববার সকাল ১০টার দিকে শিরোইল মঠপুকুরের অফিস থেকে মার্কেটিংয়ের কাজের কথা বলে নগদ অর্থ বুঝে নেন ঐ দুই ভাই। এর মধ্যে ডিএসও লিমন ৭ লক্ষ এবং তার ভাই ডিএসও অপূর্ব ৫ লাখ টাকা অফিস থেকে গ্রহণ করেন।
এ ছাড়া লিমন তার নির্ধারিত এলাকার কিছু এজেন্টের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা এবং অপূর্ব আরো ৪৫ হাজার টাকা সংগ্রহ করেছেন বলে জানা গেছে।বেলা ১১টার দিকে তারা অফিস থেকে নিজ নিজ কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বের হন।এরপর থেকেই তাদের ব্যবহৃত মুঠোফোন নম্বরগুলো বন্ধ পাওয়া যায় এবং তাদের কোনো খোঁজ মিলছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত দুই ভাই নগরীর টিকাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার পর থেকে তারা সেখানেও অনুপস্থিত রয়েছেন।এ বিষয়ে 'এস এস ডিস্ট্রিবিউটিং সেলস অ্যান্ড মার্কেটিং'-এর ব্যবস্থাপক আতিকুর রহমান জানান "মার্কেটিংয়ের দায়িত্ব পালনের কথা বলে অফিস এবং মার্কেট থেকে অপূর্ব মোট ৫ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা এবং লিমন মোট ৭ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন।পরে তারা অসৎ উদ্দেশ্যে টাকাগুলো আত্মসাৎ করে আত্মগোপন করেছেন। এতে আমাদের প্রতিষ্ঠান বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।"
তিনি আরও জানান এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন