মণিরামপুরে ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব ছিনতাই,আহত ১
মালিকুজ্জামান কাকা,যশোর।
যশোরের মণিরামপুরে "আওয়ামীলীগ দোসর" আখ্যা দিয়ে ফ্যামিলি কার্ড তিন তথ্য সংগ্রহকারীর সরকারি ট্যাব ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় তথ্য সংগ্রহকারী আল মামুনকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয়।গতকাল বুধবার ১৮ ই নভেম্বর সকালে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের শাহাপুর ও কাঁঠালতলায় এ ঘটনা ঘটে।ঘটনার কয়েক ঘণ্টা পর উপজেলা প্রশাসন স্থানীয় দুই দোকান থেকে ট্যাব তিনটি উদ্ধার করে। তবে এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ হয়নি।ট্যাব ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুই ব্যক্তিকে ট্যাব নিয়ে মোটরসাইকেলে চলে যেতে দেখা যায়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে তথ্য সংগ্রহে বের হলে মুঠোফোনে কল করে আল মামুনকে শাহাপুর গ্রামে ডেকে নেওয়া হয়। সেখানে চারজন ব্যক্তি রাস্তার উপর তার গতিরোধ করে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে তার ট্যাবটি কেড়ে নেন।অন্যদিকে কাঁঠালতলায় কাজ করার সময় তথ্য সংগ্রহকারী সোহাগ হোসেন ও বৈশাখীর অবস্থান জেনে মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি দুটি ট্যাব ছিনিয়ে নিয়ে যান।
ভুক্তভোগীদের দাবি তারা কোনো রাজনীতির সঙ্গে সক্রিয় জড়িত নন। তবু রাজনৈতিক তকমায় তাদের উপর হামলা চালানো হয়েছে ও ট্যাব কেড়ে নেওয়া হয়।হামলাকারীরা স্থানীয় বিএনপির কর্মী-সমর্থক বলে তাদের অভিযোগ।আহত আল মামুন বলেন সকাল সাড়ে নয়টার দিকে একটি নম্বর থেকে কল করে জাতীয় পরিচয়পত্র দেওয়ার কথা বলে আমাকে শাহাপুরে ডাকা হয়। সেখানে পৌঁছালে চারজন তাকে থামিয়ে পরিচয় নিশ্চিত হয়ে বাঁশ দিয়ে পেটায় ও ট্যাব কেড়ে নেন। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেয়। সে অভিযোগ করেনি।
অপর ভুক্তভোগী সোহাগ হোসেন জানান সে ও বৈশাখী পাশাপাশি বাড়িতে কাজ করছিলাম। ফোনে আমাদের অবস্থান জেনে দুজন মোটরসাইকেলে এসে ট্যাব দুটি কেড়ে নেয়।একজন আবদুল হান্নান বলে জানতে পেরেছি। কাজের পূর্ণ নিরাপত্তা পেলে তারা আবার কাজে ফিরবে।মশ্মিমনগর ইউনিয়নে তথ্য সংগ্রহ কাজের সুপারভাইজার ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুমন হোসেন জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসনের নির্দেশে তিনি দুই দোকান থেকে ট্যাব তিনটি উদ্ধার করে সমাজসেবা কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।
তিনি বলেন "স্থানীয় কিছু লোক এই তিনজনকে আওয়ামী লীগ পরিবারের সদস্য ভেবে ক্ষুব্ধ ছিলেন। তবে যারা ট্যাব কেড়ে নিয়েছেন,তারা বিএনপির দায়িত্বশীল পদে নেই,কর্মী-সমর্থক পর্যায়ের"।উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন ট্যাব তিনটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক দায়িত্বে। তিনি বিষয়টি দেখছেন।এ বিষয়ে মণিরামপুরের ইউএনও সম্রাট হোসেন মন্তব্য করেননি।
আপনার মতামত লিখুন