নবান্নের ঐতিহ্যে প্রাণের মেলা,কালাইয়ে চিশতিয়া পীরের আস্তানায় বসছে উৎসবের আসর
মোঃ সুমন মন্ডল,রিপোর্টার,কালাই,জয়পুরহাট।
নতুন ধানের ঘ্রাণে যখন গ্রামবাংলায় নবান্নের আনন্দ ছড়িয়ে পড়ে,তখন সেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম। শত বছরের স্মৃতি ও স্থানীয় ঐতিহ্যকে ধারণ করে হযরত খাজা শাহ আব্দুল গফুর চিশতী (রহঃ)-এর আস্তানায় আবারও আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ও মেলার। অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার (আগামীকাল) বসবে এ উৎসবের আসর।
প্রতিবছর নবান্নকে ঘিরে এ আয়োজন স্থানীয় মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। উৎসবের দিনে শুধু কালাই নয়,আশপাশের বিভিন্ন এলাকা থেকেও ভক্ত, আশেকান ও সাধারণ দর্শনার্থীরা ছুটে আসেন বেগুনগ্রামের এ স্মৃতিবিজড়িত আস্তানায়। তাঁদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয় প্রবীণদের কাছ থেকে জানা যায় হযরত খাজা শাহ আব্দুল গফুর চিশতী (রহ.) একসময় বেগুনগ্রামে অবস্থান করে ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তিনি সাধারণ মানুষের মধ্যে পবিত্র কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে কাজ করেছেন।তাঁর উদ্যোগে সেখানে প্রতিষ্ঠিত হয় একটি মক্তব,চশমায়ে উলুম ফাজিল মাদ্রাসা এবং একটি আস্তানা। এসব প্রতিষ্ঠান ও স্থাপনা আজও তাঁর স্মৃতির সাক্ষ্য বহন করছে।
জীবনী সূত্রে জানা যায় ১৮৭৬ ইং সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন হযরত খাজা শাহ আব্দুল গফুর চিশতী (রহঃ)। তাঁর পিতার নাম আয়েত আলী মুন্সি। জীবনের শেষ সময় পর্যন্ত ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা এ সাধক বাংলা ১৩৮২ ইং সালের ১৬ শ্রাবণ মৃত্যুবরণ করেন।
তাঁর স্মৃতিকে ঘিরেই বেগুনগ্রামের আস্তানায় দীর্ঘদিন ধরে নবান্ন উৎসব ও মেলার আয়োজন হয়ে আসছে। সময়ের পরিবর্তনে গ্রামীণ জীবনে অনেক কিছু বদলে গেলেও এ আয়োজনের আবেদন কমেনি। বরং নতুন প্রজন্মের কাছে স্থানীয় ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠেছে।
স্থানীয়দের কাছে এ উৎসব কেবল একটি মেলা নয়,এটি শেকড়ের সঙ্গে সম্পর্ক ধরে রাখার এক অনন্য আয়োজন। নবান্নের আনন্দ, মানুষের মিলন এবং ঐতিহ্যের ধারাবাহিকতায় বেগুনগ্রামের এ উৎসব প্রতিবছর নতুন করে প্রাণ ফিরে পায়।
আপনার মতামত লিখুন