পিরোজপুরের নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ ব্যবসাপ্রতিষ্ঠানসহ পুড়ে ছাই পাঁচ বসতঘর ও মন্দির
আনিছ মাহমুদ লিমন।
ক্ষয়ক্ষতি কোটি টাকার বেশি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের প্রাথমিক ধারণা করা হয়।পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, পাঁচটি বসতঘর ও একটি মন্দির সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।গতকাল রবিবার ১৫ ই নভেম্বর ২০২৬ ইং দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় রাত ১টার দিকে বাজারের চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশের মাইনুল ইসলামের চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, মুদি দোকান, কসমেটিকস, হার্ডওয়্যার ও হোটেলসহ ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং পাঁচটি বসতঘর আগুনে পুড়ে যায়। একটি মন্দিরও সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপন কুমার জানান রাত ১১টার দিকে ফার্মেসি বন্ধ করে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, তাঁর ফার্মেসিসহ বাজারের অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ময়নুল হক রাসেল ও সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল জানান আগুনের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। বাজারে থাকা প্রায় ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির মতো প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।
নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কলীম উল্লাহ জানান অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হলেও যোগাযোগ ব্যবস্থা ও ফেরি চলাচলে সমস্যার কারণে পৌঁছাতে বিলম্ব হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পুরো বাজারজুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাঁদের শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন