সীমান্তে বিজিবির কঠোর নজরদারি,দিন-রাত বিশেষ টহল
মোঃ মোমিনুল ইসলাম,দিনাজপুর।
সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
গতকাল রবিবার ১৬ ই নভেম্বর ২০২৬ ইং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে।ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়া রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট বসানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন “সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় মানুষের সহযোগিতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।সীমান্ত এলাকায় সবার প্রতি অনুরোধ,নিষিদ্ধ, বিতর্কিত কিংবা অপরিচিত বা সন্দেহভাজন কাউকে ঘোরাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাবেন। আপনাদের সচেতনতা আর সহযোগিতাই সীমান্তকে আরও নিরাপদ রাখবে।”
তিনি আরও বলেন কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ বা প্রস্থান করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা রোধে এই নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন