দিনাজপুরে মাদকের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান ৯৫ হাজার টাকার অবৈধ ট্যাবলেট জব্দ
মোঃ মোমিনুল ইসলাম,দিনাজপুর।
দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪৭৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ৯৫ হাজার টাকা।অদ্য সোমবার ১৬ ই নভেম্বর দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ রোধে ৪২ বিজিবি নিয়মিত নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৫ ই নভেম্বর দিবাগত রাতে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ভান্ডারা বিওপির একটি বিশেষ টহল দল বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৭৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন মাদক পাচারকারীরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তনের চেষ্টা করলেও বিজিবির সতর্ক নজরদারি ও গোয়েন্দা তৎপরতার কারণে তা সফল হচ্ছে না।শুধু মাদক উদ্ধারই নয়, পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতেও গোয়েন্দা অনুসন্ধান ও অভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন