শ্রীপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত
আশরাফুল আলম সরকার,গাজীপুর।
গাজীপুরের শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।অদ্য শুক্রবার ১৩ ই নভেম্বর ২০২৬ ইং বিকেলে উপজেলার প্রতাপপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘ ও বক্ররেখা স্পোর্টিং ক্লাবের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার প্রত্যয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ খাইরুল কবির আজাদ মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ খাইরুল কবির আজাদ মণ্ডল বলেন “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দীর্ঘ ১৭ বছর মানুষকে খেলাধুলা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এর ফলে যুবসমাজের একটি অংশ মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুযোগ পেয়েছে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে মাঠে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলার চর্চা বাড়াতে হবে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের বিকল্প নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ সফিকুল ইসলাম মোল্লা। উদ্বোধন করেন প্রহলাদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ তাইজ উদ্দিন খন্দকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুমন শিকদার ও আমানউল্লাহ খন্দকার, উভয়েই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য; সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোসা. নাসিমা বেগম, অ্যাডভোকেট নাজিমুদ্দিন এবং প্রহলাদপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আমিনুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
প্রতাপপুর যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ জিয়াউল হক জিয়া।
আপনার মতামত লিখুন