আইন-শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ, জুলাই নেতাদের মুক্তিসহ একাধিক দাবি
মোঃ সিমান্ত তালুকদার।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেছেন দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা,ককটেল বিস্ফোরণ,বসতবাড়িতে অগ্নিসংযোগ, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির ঘটনা জননিরাপত্তাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে। রাষ্ট্রের প্রধান দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ মানুষ যদি নিজ বাড়িতেই নিরাপদ না থাকে, তাহলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে।
তিনি বলেন আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই,রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার অর্থ শুধু ক্ষমতায় থাকা নয় জনগণের জীবন, সম্পদ, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করাও সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। দেশের মানুষ নিরাপত্তা চায়, আতঙ্ক নয়। মানুষ শান্তিতে বসবাস করতে চায়, বোমা ও আগুনের ভয়ে দিন কাটাতে চায় না।আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলে এর দায় সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।
জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবি জানিয়ে মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক গণআন্দোলন।এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন,রাজপথে সাহসী ভূমিকা রেখেছেন এবং অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন,তাঁদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। অথচ সেই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত নেতাদের গ্রেফতার ও কারাবন্দি থাকার বিষয়টি জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।আমরা দাবি জানাচ্ছি তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে হবে এবং যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ নেই, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে। জুলাইয়ের চেতনার কথা বলে জুলাইয়ের নেতাদের হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা,অগ্নিসংযোগ,ককটেল বিস্ফোরণ এবং রাজনৈতিক সহিংসতার যেসব ঘটনা ও অভিযোগ সামনে আসছে সেগুলোকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি। এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সংশ্লিষ্টতার যে অভিযোগ উঠছে, তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে তিনি বলেন কোনো রাজনৈতিক পরিচয় অপরাধীদের রক্ষাকবচ হতে পারে না।যারা অতীতে কিংবা বর্তমানে সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ ও বোমাবাজির সঙ্গে জড়িত,তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন সরকার যদি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা ও ক্ষোভ তৈরি হবে।আমরা জানতে চাই, বসতবাড়িতে বোমা হামলা হলে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা পাবে? ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক ছড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী? রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা হলে তার দায় কে নেবে? সরকারকে এসব প্রশ্নের জবাব দিতে হবে।শুধু আশ্বাস কিংবা বিবৃতি দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়; প্রয়োজন দৃশ্যমান,কার্যকর ও নিরপেক্ষ পদক্ষেপ।
জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের উপর হামলা,হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ভূমিকা রেখেছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো গোষ্ঠী যদি রাজনৈতিক প্রতিশোধ নিতে কিংবা ভয়ের পরিবেশ তৈরি করতে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। অপরাধী যে দলেরই হোক, তার পরিচয় নয়, অপরাধই হবে বিচারের ভিত্তি।
দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে তিনি বলেন, বাংলাদেশ কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী কিংবা বিদেশি স্বার্থের কাছে জিম্মি হতে পারে না। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।
সংবাদ সম্মেলন থেকে রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে নিম্নলিখিত দাবি জানানো হয়ঃ-
১. গ্রেফতারকৃত জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের মামলাগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করে তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
২. দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ চিহ্নিত করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৩. বসতবাড়িতে বোমা হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৪. জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি ও হয়রানি বন্ধ করতে হবে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. আসন্ন ডিসেম্বরকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক গোষ্ঠী যাতে সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য আগাম নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত, পেশাদার ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেন আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ শুধু ক্ষমতার পরিবর্তন চায়নি; তারা রাষ্ট্রব্যবস্থার গুণগত পরিবর্তন চেয়েছে। তারা এমন একটি বাংলাদেশ চেয়েছে, যেখানে অপরাধী রাজনৈতিক আশ্রয় পাবে না, সাধারণ মানুষ নিরাপদে ঘুমাতে পারবে, বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহি করবে।
আমরা স্পষ্ট করে বলতে চাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মেনে নেওয়া হবে না, সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের কাছে জনগণকে জিম্মি হতে দেওয়া হবে না এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কোনোভাবেই অবমূল্যায়ন করতে দেওয়া হবে না।আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, ন্যায়বিচার চাই। আমরা ক্ষমতার দাপট চাই না, আইনের শাসন চাই। আমরা সন্ত্রাসের রাজনীতি চাই না, নিরাপদ বাংলাদেশ চাই।
পরিশেষে তিনি বলেন সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। রাষ্ট্র জনগণের, রাষ্ট্রের নিরাপত্তা জনগণের অধিকার।সেই অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF) শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রতিবাদ অব্যাহত রাখবে।বোমা দিয়ে জনগণের কণ্ঠরোধ করা যাবে না, আগুন দিয়ে গণতন্ত্রের আকাঙ্ক্ষা পোড়ানো যাবে না, আর ভয়ভীতি দেখিয়ে জুলাইয়ের চেতনাকে মুছে ফেলা যাবে না।বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অটুট থাকুক, জনগণের নিরাপত্তা নিশ্চিত হোক, প্রতিষ্ঠিত হোক ন্যায়বিচার ও আইনের শাসন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজি, সহ-সভাপতি (শহীদ সোহেল রানার ছোট ভাই) আলভি নাবিল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহসিন সারোয়ার, কেন্দ্রীয় সংগঠন আবু নোমান, আব্দুল আউয়াল রিদয় প্রমূখ।
আপনার মতামত লিখুন